মির্জাপুরে ছেলে, নকলায় ভাইকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা মধ্যপাড়া গ্রামে েমজ ভাই লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আব্বাছ আলী (৪০।
এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে শাহ আলম (৩০) নামের এক যুবক তাঁর বাবার হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠাকাটা মধ্যপাড়া গ্রামের আব্বাছ আলী মানসিক ভারসাম্যহীন। তাঁর স্ত্রী ও সন্তান নেই। গত সোমবার রাতে তিনি বাড়ি ফিরেননি। গতকাল সকাল ছয়টার দিকে বাড়ি ফিরেই তিনি মেজ ভাই রজব আলীকে (৪৫) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি (আব্বাছ) বড় ভাই রজবকে লাঠি নিয়ে মারতে উদ্যত হন। এ সময় রজব আলী আরেকটি লাঠি দিয়ে আব্বাছকে আঘাত করতে থাকেন। এ সময় লাঠির এক পাশের সরু অংশ আব্বাছের গলায় ঢুকে যায়। এতে গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি (আব্বাছ) ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাছ আলীর লাশ উদ্ধার করে।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে শাহ আলম (৩০) তাঁর বাবার হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মাটিয়াখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলমের বাবা হোসেন আলী, ছোট ভাই আলহাজ ও মা আলেকজানকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শাহ আলম তাঁদের পারিবারিক বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে ছোট ভাই আলহাজ বাধা দেন। এ সময় হোসেন আলী বাঁশ দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান।