মির্জাপুরে ট্রাক খাদে, তিন ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে যাওয়ায় তিনজন কাপড় ব্যবসায়ী নিহত ও দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার জামুর্কী আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ডালিকান্দি গ্রামের রতন মিয়া (৩৫), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা এলাকার শাজাহান মিয়া (৫০) ও বিক্রমপুর এলাকার রফিক মিয়া (৫০)। আহত দুজন হলেন কাপড় ব্যবসায়ী শরীয়তপুরের জাজিরা উপজেলার সিরাজমাস্টারকান্দি গ্রামের মেরাজ মিয়া (৩২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঢেউটিন ব্যবসায়ী মুক্তারুল আলম (৫০)। এরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মেরাজের ভাই সিরাজ মিয়া জানান, গত মঙ্গলবার রাত পৌনে একটার দিকে ঢাকার মতিঝিল থেকে কম ভাড়ায় সিরাজগঞ্জগামী একটি ট্রাকে চারজন ব্যবসায়ী কাপড় নিয়ে টাঙ্গাইলের করটিয়ার উদ্দেশে রওনা হন। ওই ট্রাকে আরও একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ট্রাকে ঢেউটিন তুলেছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের প্রায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন ব্যবসায়ী মারা যান। নিহতরা সবাই ঢাকার কেরানীগঞ্জের কাপড় ব্যবসায়ী।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।