মির্জাপুরে ট্রাক থেকে পড়ে দুজন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আরিফ পরিবহনের যাত্রীবাহী বাসের চাকা ফেটে মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় বিকল হয়ে পড়ে। রাস্তার পাশে বাসটি থামিয়ে বাসের সহকারীরা চাকা মেরামত করছিলেন। রাস্তার ওপর বাস এভাবে দাঁড় করিয়ে রাখার কারণে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের দুই আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে একজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। মহাসড়কে যানজট এড়াতে পুলিশ দুর্ঘটনার পর রেকার দিয়ে বিকল বাসটি সরিয়ে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।