মির্জাপুরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল শুক্রবার ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের বিনোদ চন্দ্র রাজবংশীর ছেলে শ্রীভাস চন্দ্র রাজবংশী (২৩) ও লতিপুর গ্রামের ছমির হোসেনের ছেলে আমির হামজা (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রীভাস নিহত এবং চালক আমির গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমিরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। সেখানে অবস্থার অবনতি হলে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।