মির্জাপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী রেল ক্রসিংয়ে গতকাল শনিবার বিকেলে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অটোটেম্পোর চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন কলিমাজানী গ্রামের আজগর আলীর ছেলে নয়া মিয়া (৩৫) ও সোহাগপাড়া গ্রামের টেম্পোচালক আবদুল মান্নান (৫০)।

প্রত্যক্ষদর্শী, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে কলিমাজানী থেকে একটি টেম্পো যাত্রী নিয়ে সোহাগপাড়া যাচ্ছিল। পথে কলিমাজানী রেলক্রসিং অতিক্রমের সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ওই টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি দুমড়েমুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়া মিয়া ও মান্নান নিহত হন। এ ছাড়া এ সময় ট্রেন আসতে দেখে ভয়ে টেম্পো থেকে লাফ দেয় স্কুলছাত্রী স্বপ্না আক্তার। স্বপ্নাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

স্বপ্না দুর্ঘটনায় নিহত নয়া মিয়ার ভাগনি ও উপজেলার রাজাবাড়ি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী।

এদিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে নিহত ব্যক্তিদের পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা ওই দুজনের লাশ বাড়িতে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী নয়াপাড়া গ্রামের বানেজ আলী ও গফুর মিয়া বলেন, ওই স্থানে রেলগেট না থাকায় গতকাল ওই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম প্রথম আলোকে জানান, ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন।