মির্জাপুরে ট্রেনের ধাক্কায় টেম্পোর চার আরোহী নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় চারজন টেম্পো আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: কলিমাজানি গ্রামের টুকু মিয়ার ছেলে টেম্পোচালক মো. ওহাব আলী (৪২), মোবারক হোসেনের স্ত্রী সখিনা বেগম (৬৫), পথহারা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে রহম আলী (৫০) ও বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুনামসি ঘোষের ছেলে সজনী ঘোষ (৬৫)। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।একই দিন সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকার রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি নদীর ঘাট এলাকা থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি টেম্পো সোহাগপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে যমুনা সেতু সংযোগ সড়কের রেলক্রসিং পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেন একতা এক্সপ্রেস টেম্পোটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এ সময় টেম্পোটির ভেতরে থাকা চারজন যাত্রী নিহত ও অপর ছয়জন আহত হন। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে। দুর্ঘটনার পর এলাকার লোকজন ওই রেলক্রসিংয়ে স্থায়ীভাবে গেটম্যান নিয়োগের দাবিতে গোড়াই-কলিমাজানি সড়ক অবরোধ করেন। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।কলিমাজানি রেলক্রসিংয়ের গেটম্যান মো. শফিউদ্দিন বলেন, ছয় মাস ধরে তাঁরা বেতন পান না। ফলে এ মাসের ১৩ তারিখে সবাই একযোগে জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর থেকেই রেলগেটগুলো অরক্ষিত থাকায় দুর্ঘটনা ঘটছে।টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় নিয়োগকৃত গেটম্যানদের বেতন বন্ধের কথা স্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, ওই সব প্রতিষ্ঠান থেকে নতুন করে সহায়তা না পাওয়ায় গেটম্যানদের বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে কর্মীদের পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই বলে জানান।