মির্জাপুরে ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের তিনটি বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের পিয়ন আবদুল আওয়াল (৫০), তাঁর ছোট ভাই মোশারফ হোসেন (৪০), ব্যবসায়ী নজরুল ইসলাম ও গৃহবধূ সেলিনা বেগম (৩৫) আহত হয়েছেন। এদের মধ্যে আওয়াল ও মোশারফকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল প্রথমে ওই গ্রামের আবু সুফিয়ান মিয়ার বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও চারটি মুঠোফোন লুটে নেয়। এ সময় তাদের লাঠির আঘাতে গৃহবধূ সেলিনা বেগম আহত হন। কিছুক্ষণ পর ডাকাত দল একই গ্রামের আবদুল আওয়ালের বাড়িতে হানা দিয়ে কোনো কিছু নিতে না পেরে তাঁকে ও তাঁর ভাই মোশারফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।