মির্জাপুরে ২ শিশুসহ ৯ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশু নিয়ে একই পরিবারের তিনজনসহ এক দিনে সর্বোচ্চ নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুরে কোভিড–১৯ রোগীর সংখ্যা ৬৪।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন দাদা (৬৫), তাঁর নাতি (৮) ও নাতনি (২)। দুই শিশুর বাবা ঢাকার মতিঝিলে সাধারণ বীমা করপোরেশনের কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ৩ জুন তিনি মারা যান। তাঁর মরদেহ ঢাকাতেই দাফন করা হয়।
৬ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। পরের দিন ৭ জুন সংগৃহীত নমুনা ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে আজ শনিবার ওই নয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। তাঁদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।