মির্জাপুরে দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলায় প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে গত দুই দিনে কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এদিকে গত মঙ্গলবার সহিংস ঘটনার পর র‌্যাব ও পুলিশ কয়েকটি বাড়ির ঘর ও আসবাব ভাঙচুরের পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, এমন কয়েকজনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ম্যাজিস্ট্রেটের গাড়ি ও ব্যালট বাক্সে অগ্নিসংযোগের ঘটনায় বুধবার উপজেলার লতিফপুর ইউপির দুই পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আরিফ, মঞ্জুর রহমানসহ অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মির্জাপুর থানায় মামলা হয়েছে। গোপালপুর থানার এএসআই মুন্সি কামরুজ্জামান এ মামলা করেন। এ মামলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মঞ্জুর রহমানের স্ত্রী আবিদা সুলতানা এবং ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ও সালমান ফরাজি। একই দিন আজগানা ইউ-নিয়নের কুড়িপাড়াতে ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার দাবিতে পুলিশের সঙ্গে ইউপির দুই চেয়ারম্যান পদপ্রার্থী রফিকউদ্দিন শিকদার ও পারভীন ওয়াজেদের সমর্থকদের সহিংসতার ঘটনায় আরেকটি মামলায় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। সদর থানার এসআই শফিকুজ্জামান এ মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ও ব্যালট বাক্সে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার আতঙ্কে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী চানপুর, বান্দাচালা, সোনাতলাসহ কয়েকটি গ্রাম গত দুই দিনে পুরুষশূন্য হয়ে পড়েছে।