মির্জাপুরে দুর্বৃত্তদের হামলায় আ.লীগের তিন নেতা আহত
টাঙ্গাইলের মির্জাপুরে মুখোশধারী দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম ওরফে মনিরসহ তিনজন আহত হয়েছেন। গত রোববার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত অপর দুজন হলেন স্থানীয় শ্রমিক লীগের নেতা আবদুল কাদের ও মোজাহিদুল ইসলামের বড় ভাই জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ভুলু মিয়া। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সাটিয়াচড়া গ্রামে রোববার একটি ওয়াজ মাহফিল শেষে ওই তিনজন রাতে বাড়ি ফিরছিলেন। তাঁরা পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মুখোশধারী চার-পাঁচজন দুর্বৃত্ত রামদা ও চাপাতি দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।আহত মোজাহিদুল ইসলাম বলেন, কেউ হয়তো তাঁদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।