মির্জাপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের বাইমহাটি এলাকায় লৌহজং নদীতে ডুবে মারা যায় তারা।
নিহতরা হলো বাইমহাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে জান্নাতুল ও ঢাকার লালমাটিয়া এলাকার বাসিন্দা আবদুল জলিলের ছেলে ইয়াসিন। তারা সম্পর্কে চাচা-ভাতিজি। ইয়াসিন পরিবারের সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিল। জান্নাতুল বাইমহাটি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আর ইয়াসিন সাভারের দোসাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান পুলিশ জানায়, ইয়াছিন তার বোন পুষ্প আক্তার ও ভাতিজি জান্নাতুলসহ কয়েক শিশু মিলে ওই সময় রাস্তার হাঁটছিল। এ সময় জান্নাতুলের পায়ে গোবর লাগলে পা ধোয়ার জন্য তারা একসঙ্গে পাশের লৌহজং নদীর কিনারে যায়। হঠাৎ পা পিছলে তারা তিনজনই পানিতে পড়ে যায়। এ সময় পুষ্প তীরে উঠতে পারলেও ওই দুজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে প্রথমে গ্রামবাসী ও পরে মির্জাপুরের দমকল বাহিনীর সদস্যরা দুই শিশুর অচেতন দেহ উদ্ধার করে। পরে তাদের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।