মির্জাপুরে নদীতে দেওয়া বাঁধ ভেঙে দিতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে তীরের মাটি লুট করতে নদীতে দেওয়া বাঁধ ভেঙে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা ও টাঙ্গাইলের নির্বাহী হাকিম পুলক কান্তি চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় মাটি নিতে আসা এক ট্রাকচালককে আটক করে পুলিশ।
এর আগে গত বুধবার ‘তীরের মাটি লুট করতে নদীতে বাঁধ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই অভিযান চালানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, লৌহজং নদীর গুনটিয়া ও চুকুরিয়া এলাকায় প্রায় চার মাস আগে থেকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পাকুল্লার শাহীন মিয়া, গোড়ানের মাহাবুবুল হকসহ কয়েক ব্যক্তি এক্সকাভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন। এরপর দুই মাস আগে সাইদুর লৌহজং নদীতে বাঁধ দিয়ে মাটি কাটা শুরু করেন। তাঁর দেখাদেখি শাহীন ও রিপন একইভাবে বাঁধ দিয়ে মাটি কাটা শুরু করেন।
পুলক কান্তি চক্রবর্তী জানান, পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে ওই দুটি স্থানে গিয়ে নদীতে বাঁধ দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। তবে অভিযানে থাকা কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকচালক শাকিলকে আটক করা হয়। পরে তিনি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পান। এ ছাড়া এলাকাবাসীর সহায়তায় ওই স্থানে বাঁধ ভাঙার কাজও শুরু হয়।
এরপর উপজেলার ফতেপুর গ্রামে বউমরা নদী থেকে মাটি কাটার অভিযোগে চান মিয়া (৪২) নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।