মির্জাপুরে নদীভাঙনে সেতু ও বিদ্যুতের জাতীয় গ্রিডের লাইন ঝুঁকিতে
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের ত্রিমোহন খেয়াঘাট, পোস্টকামুরী পূর্বপাড়া ও কুমারজানী এলাকায় বংশাই নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েক দিনে কমপক্ষে ২০টি পরিবারের বসতভিটা ও পাঁচ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙন অব্যাহত থাকায় নির্মাণাধীন একটি সেতু, ওই এলাকা দিয়ে যাওয়া বিদ্যুতের জাতীয় গ্রিডের লাইন এবং বঙ্গবন্ধু সেতুর রেল-সংযোগ সড়কটি ঝুঁকির মধ্যে রয়েছে। এখনই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে এসব স্থাপনা বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, সাত বছর ধরে বংশাই নদে পানি বাড়ার এবং কমার সময় ত্রিমোহন খেয়াঘাট, পোস্টকামুরী পূর্বপাড়া ও কুমারজানী এলাকায় ভাঙন শুরু হয়; বিশেষ করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভাঙন বেশি হয়। গত কয়েক দিনের ভাঙনে এসব এলাকার ২০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
১৪ নভেম্বর ত্রিমোহন এলাকায় গিয়ে দেখা গেছে, পাড় ভেঙে নদীতে ধসে পড়ছে। ভাঙন অব্যাহত থাকায় অনেকেই বসতভিটা ছেড়ে অন্যত্র চলে গেছে। কোনো উপায় না থাকায় ঝুঁকি নিয়ে এখনো কয়েকটি পরিবার সেখানে বসবাস করছে।
দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, তাঁর একমাত্র সম্বল বসতভিটার ৯ শতাংশ জমি ভাঙনের কবলে পড়েছে। এখন প্রতিবেশী একজনের জায়গায় একটি ঘর তুলে সেখানে বাস করছেন। ভাঙন অব্যাহত থাকলে তাঁর নিজের জমিতে থাকা বসতঘরের একাংশ ও রান্নাঘর বিলীন হয়ে যাবে।
এ ছাড়া পোস্টকামুরী পূর্বপাড়া এলাকায় শওকত হোসেনের চাতাল কলের একটি ঘরসহ প্রায় ২০ শতাংশ, কুমারজানীর ফরহাদ হোসেনের বাড়ির ১৫ শতাংশ এবং বেল্লাল হোসেনের ৪০ শতাংশ বাড়ির প্রায় অর্ধেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলো রানী বিশ্বাস বলেন, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে বংশাই নদের ওপর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু ছাড়াও বিদ্যুতের জাতীয় গ্রিডের লাইন ও বঙ্গবন্ধু সেতু রেল-সংযোগ সড়কটি হুমকির মুখে পড়বে।
পানি উন্নয়ন বোর্ডের টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান সিরাজ বলেন, দ্রুত একটি প্রকল্প প্রস্তুত করে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।