মির্জাপুরে নৌকা ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নৌকাডুবিতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। উপজেলার লফিতপুর ইউনিয়নের দক্ষিণ কদমা গ্রামে কোনাই নদীতে গত শুক্রবার রাতে নৌকাডুবির ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ফুল খাতুন (৫০), তাঁর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও ছেলের বউ ফরিদা বেগম (২৫)।
এলাকাবাসী ও মির্জাপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ছানোয়ারের মেয়েজামাই উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের সমেজ উদ্দিন গত শুক্রবার মারা যান। তাঁর দাফন শেষে ফুল খাতুন তাঁর ছেলে ও ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কদমা গ্রামে কোনাই নদী পার হওয়ার সময় তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করে। রাত দুইটার দিকে ফুল খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। আর মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে বাকি দুজনের লাশ উদ্ধার করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানোয় নৌকাটি ডুবে যায়। তরফপুর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, স্ত্রী, ছেলে ও ছেলের বউয়ের মৃত্যুসংবাদে ছানোয়ার অচেতন হয়ে পড়েন। তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।