মির্জাপুরে নৌকাডুবিতে এক পরিবারের ৩ জনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরের কোনাই নদে গতকাল শুক্রবার রাতে নৌকাডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে একজন এবং আজ দুজনের লাশ উদ্ধার করা হয়। পরিবারের মেয়েজামাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে তাদের মৃত্যু হয়।
স্থানীয় ও উপজেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, নৌকাডুবিতে নিহত ওই পরিবারের মা ফুল খাতুনের লাশ উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। আজ মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর ছেলে আনোয়ার হোসেন ও ছেলের স্ত্রী ফরিদা বেগমের লাশ উদ্ধার করে। মেয়েজামাইয়ের জানাজা শেষ করে ফুল খাতুন, তাঁর ছেলে ও ছেলের স্ত্রী বাড়ি ফিরছিলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নৌকাডুবিতে নিহত ব্যক্তিদের বাড়ি উপজেলার তরফপুর ইউনিয়নের তাকিয়া কদমা গ্রামে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কুনাই নদের দক্ষিণ কদমা এলাকায় এই নৌকাডুবি হয়। নৌকায় যাত্রী ছিল ১০ থেকে ১২ জন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও এই তিনজন পারেননি। এলাকার লোকজন ফুল খাতুনের লাশ উদ্ধার করেন গতকাল রাতেই। আজ দুপুর ১২টার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছেলে ও ছেলের স্ত্রীর লাশ উদ্ধার করে। তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে হারিয়ে সানোয়ার হোসেন অচেতন হয়ে আছেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।