মির্জাপুরে নৌকা থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে সামিউল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ছয়টার দিকে এলাকাবাসী মির্জাপুরে বংশাই নদের তরফপুর ইউনিয়নের টেংরাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। গত শনিবার দুপুরে সামিউল রামপুর এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
সামিউল পার্শ্ববর্তী বাসাইল উপজেলা সদরের বাসাইল উত্তরপাড়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে। বাসাইল এমদাদ হামিদিয়া ডিগ্রি কলেজ থেকে সে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।
এলাকাবাসী জানায়, সামিউল নানাবাড়ি বাসাইলের হাবলা ইউনিয়নের হাবলা গ্রামে থেকে লেখাপড়া করত।