মির্জাপুরে নৌকাডুবি শিশুর লাশ উদ্ধার বাবা নিখোঁজ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ওয়ার্শী নদীতে গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে খেয়া পারাপারের সময় একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় নিহার নামে এক মেয়েশিশুর মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহারের বাবা আনোয়ার হোসেন বাদল খান নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি ওয়ার্শী গ্রামে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদল খান তাঁর মেয়েকে নিয়ে ওয়ার্শী বাজারে যাওয়ার জন্য খেয়া পার হচ্ছিলেন। নদীতে প্রবল স্রোত ও অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাদল খান ও তাঁর মেয়ে পানিতে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর এলাকাবাসী নিহারের লাশ খুঁজে পায়। কিন্তু রাত ১১টায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত বাদল খানের খোঁজ মেলেনি। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার রাত ১১টায় প্রথম আলোকে বলেন, বাদল খানের খোঁজে উদ্ধার অভিযান চলছে।