মির্জাপুরে পানির সঙ্গে বাড়ছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানি ঢুকে পড়ায় টাঙ্গাইলের মির্জাপুরের হিলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বন্যার পানি ঢুকে পড়ায় টাঙ্গাইলের মির্জাপুরের হিলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

উজান থেকে নেমে আসা ঢল ও গত মঙ্গলবার রাতে বৃষ্টির কারণে টাঙ্গাইলের মির্জাপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবারও পানি বেড়েছে। বন্যার কারণে দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। এ ছাড়া পানি ওঠায় দুটি কলেজসহ ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়নে প্রায় ৫ লাখ মানুষ বসবাস করে। এর মধ্যে উপজেলার ১০টি অভ্যন্তরীণ সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় কমপক্ষে ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভাওড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। উপজেলার মির্জাপুর-কামারপাড়া, কূর্ণী-ফতেপুর, কদিমধল্যা-বরাটি, কদিমধল্যা-মহেড়া, মির্জাপুর-গোড়াইল-চাকলেশ্বর, দেওহাটা-গেড়ামাড়া, মির্জাপুর-কামারপাড়া, দুল্যা বাজার-বরাটি বাজার, সলিমনগর-বান্দাচালা সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

বন্যার কারণে উপজেলা সদরের আলহাজ শফিউদ্দিন মিয়া অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, মির্জাপুর মহিলা কলেজে, কূর্ণী জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়, হিলড়া উচ্চবিদ্যালয় এবং ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত করা হয়েছে।

টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, কলেজ চত্বরে ও শ্রেণিকক্ষে পানি ঢোকায় পাঠদান স্থগিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাত বলেন, উপজেলার ফতেপুর, বহুরিয়া, ভাদগ্রাম ও বানাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং ডোকলাহাটী, গল্লী, কররা, কড়াইল, কাটরা, আড়াইপাড়া, বাওয়ার কুমারজানি ও গবড়া কমিউনিটি ক্লিনিকে পানি ওঠায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, উপজেলার ৪৭৮ হেক্টর রোপা আমন, ৮৫ হেক্টর জমির সবজি ও ১৫ হেক্টর জমির লেবুবাগান পানির নিচে রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, মির্জাপুর উপজেলার ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৫টি বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে।

মির্জাপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, উপজেলার ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৫টিতে বন্যার পানি ঢুকেছে। এর মধ্যে গোড়াইল, হিলড়া, কূর্ণী, কদিমধল্যা, বহনতলী, পাইখার ভাওড়া, মুশুরিয়াঘোনা, বন্দেকাওয়ালজানি, খৈলসিন্দুর, নিলজা, রানাশাল, মধুরটেকি, ইচাইল, গবড়া দক্ষিণ, যোগীরকোফাসহ ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢোকায় পাঠদান স্থগিত ঘোষণা করা হয়েছে। দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।

মির্জাপুরে বন্যা পরিস্থিতির অবনতির কারণে গতকাল বৃহস্পতিবার থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। সকালে উপজেলার জামুর্কী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন।