মির্জাপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই ও লৌহজং নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইঞ্জিনচালিত নৌকাযোগে তিনি ওই দুই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় সাংসদ একাব্বর হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নদীভাঙনের কারণে উপজেলার হাট ফতেপুর উচ্চবিদ্যালয় ও বরাটি নরদানা বাংলাদেশ উচ্চবিদ্যালয় হুমকির মুখে পড়েছে। এ ছাড়া ২০০৮ ও ২০১১ সালের বন্যায় পাউবোর বাঁধটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পাউবোর যে বাঁধটি হুমকির মুখে রয়েছে সেটি রক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এর আগে প্রতিমন্ত্রী হাট ফতেপুর উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা করেন।