মির্জাপুরে ফের গ্যাসের অবৈধ সংযোগ দিতে পাইপ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে কয়েক দিন ধরে আবারও গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার জন্য পাইপলাইন টানার কাজ শুরু হয়েছে। উপজেলার রশিদ দেওহাটা গ্রামে সাহেব আলী নামের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কথিত এক ঠিকাদার এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিতাস গ্যাস টাঙ্গাইলের কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রশিদ দেওহাটা গ্রামে গ্যাসের অবৈধ সংযোগ দিতে গত বুধবার থেকে কথিত ঠিকাদার সাহেব আলী তাঁর লোকজন দিয়ে ওই গ্রামের রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ করছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের বাবুল সড়ক ও আলী হোসেন সড়কের মাঝামাঝি স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশ দিয়ে যাওয়া গ্যাসলাইনের পাইপ ছিদ্র করে সেখান থেকে অবৈধ সংযোগ নিয়ে লাইন টানা হয়েছে।
গত শুক্রবার রশিদ দেওহাটা গ্রামে গিয়ে দেখা গেছে, ইতিমধ্যে অবৈধ সংযোগের জন্য মাটি খুঁড়ে পাইপ বসানো হয়েছে। পাশাপাশি কেউ যাতে না বুঝতে পারে, সে জন্য সংযোগ নেওয়ার পর সংযোগস্থলে কলাগাছের চারটি চারাও লাগানো হয়েছে।
এ বিষয়ে গ্রামের কেউ মুখ না খুললেও বাবুল সড়কে অবস্থিত রাজিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক দেলোয়ার হোসেন, আবদুস সালামসহ কয়েকজন কর্মচারী বলেন, তাঁদের কারখানার উঠানে পাইপ রেখে কয়েক দিন ধরে কিছু লোক কাজ করছেন। কালো রং দিয়ে ও টেপ পেঁচিয়ে সেই পাইপ বাবুল সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশের মাটি খুঁড়ে বসানো হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কথিত ঠিকাদার সাহেব আলী বলেন, তাঁর বাড়ি গাজীপুরের মৌচাক এলাকায়। তিনি রশিদ দেওহাটা গ্রামের লোকজনের কাছ থেকে সংযোগপ্রতি ৩৮ হাজার টাকা করে নেবেন বলে জানান। এ ছাড়া ইতিপূর্বে যাঁদের বাড়িতে গ্যাসের সংযোগ দিতে পাইপ বসানো হয়েছিল এবং তিতাস কর্তৃপক্ষ ওই পাইপ তুলে নিয়েছিল, তাঁদের বাড়িতেও গ্যাসের সংযোগ দেওয়া হবে। লাইন তিতাস গ্যাসকে জানিয়ে টানা হয়নি। কেন তাদের না জানিয়ে টানছেন জানতে চাইলে তিনি বলেন, ওই এলাকায় অন্যান্য লোকজনও লাইন টেনে অবৈধ সংযোগ দিচ্ছে। এ কারণে তিনিও দিচ্ছেন।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টাঙ্গাইল কার্যালয়ের ব্যবস্থাপক সুরুজ আলমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে ওই কার্যালয়ের উপব্যবস্থাপক বরুণ কুমার রায় গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ওই গ্রামে পরিদর্শনে গিয়ে অবৈধ সংযোগ নেওয়ার জন্য লাইন টানার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরও জানান, সাহেব আলী নামে টাঙ্গাইলে তাঁদের কোনো তালিকাভুক্ত ঠিকাদার নেই।
এর আগে একই পন্থায় তিতাসের কয়েকজন কথিত ঠিকাদার মির্জাপুর উপজেলায় সংযোগপ্রতি ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত নিয়ে দুই সহস্রাধিক অবৈধ সংযোগ দিয়েছিলেন। তিতাস কর্তৃপক্ষ রশিদ দেওহাটাসহ মির্জাপুর উপজেলা সদরের গাড়াইল, বাইমহাটী, সাহাপাড়া, কুতুববাজার, সরিষাদাইড়, পোষ্টকামুরী, আন্ধরা, বাওয়ার কুমারজানী ও রশিদ দেওহাটা গ্রামে চলতি বছর মে ও জুনে অভিযান চালিয়ে প্রায় ৮০০ সংযোগ বিচ্ছিন্ন করে।