মির্জাপুরে ফের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল সোমবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ফের বন্ধ হয়ে গেছে। একমাত্র সদস্যসচিব ছাড়া কমিটির সব সদস্য অনুপস্থিত থাকার কারণে এ কার্যক্রম হয়নি বলে জানা গেছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারিও একইভাবে যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীন মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনকারীদের শুনানির জন্য গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেন। সে অনুযায়ী গতকাল উপজেলার মহেড়া, জামুর্কী, ফতেপুর, তরফপুর, বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের আবেদনকারীদের শুনানির সময় নির্ধারিত ছিল।
কিন্তু নির্ধারিত দিনে কমিটির সদস্যসচিব উপস্থিত থাকলেও সভাপতি স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুর্লভ বিশ্বাস, সাবেক কমান্ডার মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য আলী আকবর খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আবদুর সাত্তার ভুইয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন না। এ কারণে যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ থাকে।
এ কার্যক্রমে অংশ নিতে আসা মুক্তিযোদ্ধা ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের আবদুর রাজ্জাক ও আবদুস সাত্তার জানান, নির্ধারিত দিনে তাঁরা এসেছিলেন। কিন্তু কার্যক্রম না হওয়ায় তাঁরা দুর্ভোগের শিকার হয়েছেন। এর আগেও তাঁরা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে এসে ঘুরে গিয়েছিলেন।
এ ব্যাপারে কমিটির সদস্য মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানান, সদস্যসচিবের প্রতি তাঁদের আস্থা না থাকায় কার্যক্রমে তাঁরা অংশ নেননি। কী কারণে তাঁর ওপর আস্থা নেই, জানতে চাইলে তিনি বলেন, তিনি (সদস্যসচিব) সঠিকভাবে যাচাই-বাছাই করবেন না বলে মনে হচ্ছে। তাই তাঁর ওপর আমাদের আস্থা নেই।
ইউএনও বলেন, কমিটির সদস্যসচিব হিসেবে তিনি শুধু সাচিবিক দায়িত্ব পালন করবেন। এ কারণে সব প্রস্তুতিও রেখেছিলেন। কিন্তু সভাপতিসহ সদস্যরা উপস্থিত না হওয়ায় যাচাই-বাছাই কার্যক্রম হয়নি। আজ মঙ্গলবার উপজেলার বানাইল, আনাইতারা ও উয়ার্শী এবং আগামীকাল বুধবার ভাতগ্রাম, লতিফপুর, ভাওড়া, বহুরিয়া, গোড়াই ইউনিয়ন ও মির্জাপুর পৌরসভার যাচাই-বাছাই কার্যক্রম করার জন্য দিন নির্ধারিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যাচাই-বাছাইয়ে অংশ নিতে প্রায় ছয় শ প্রার্থী মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।