টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন শিশু।
নিহত তিনজনের মধ্যে এক নারীর নাম-পরিচয় জানা গেছে। তাঁর নাম সালমা বেগম। স্বামী মমিনুল ইসলাম। বাড়ি কুড়িগ্রাম।
আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ভাষ্য, হতাহত ব্যক্তিদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে আসছিল। ইটবোঝাই ট্রাকটি বিপরীত দিক দিয়ে টাঙ্গাইলের দিকে আসছিল। ইচাইল নামক স্থানে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়। আরেক নারী হাসপাতালে মারা যান।
আরও পড়ুন: