মির্জাপুরে বাসচাপায় চারজনসহ বিভিন্ন স্থানে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ও নরসিংদীর পলাশে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জ সদরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। জয়পুরহাট সদরে একই দিন একটি ট্রাক সড়কের পাশের একটি বাসভবনে ঢুকে গেলে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় গতকাল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সিএনজিচালিত একটি অটোরিকশা ও পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের নিরঞ্জন (৩৫) এবং মোটরসাইকেলের তিন আরোহী মির্জাপুর উপজেলার বলুটিয়া গ্রামের নাহিদ (২০), বাপ্পি (৩০) ও শফিক (৩০) নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উত্তেজিত জনতা ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়কের ওপর গাছের ডালপালা ফেলে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান আগামী সোমবারের মধ্যে ওই স্থানে গতিরোধক নির্মাণের ঘোষণা দিলে এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নেন।ভৈরব (কিশোরগঞ্জ): পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে গতকাল একটি ট্রাক্টরের চাপায় সদর উপজেলার মাধবদীর দুলাল মিয়া (৩০) ও গাজীপুরের কালীগঞ্জের দানেশ শিকদারসহ (৪২) তিনজন ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর লোকজন ট্রাক্টরের চালককে আটক করে পুলিশে দেন। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার নওপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী বরিশালের শাহ আলম (৪০) নিহত হয়েছেন। গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বৈলতলী বাজারের কাছে বৃহস্পতিবার খুলনা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসচালকের সহকারী আনোয়ার (২৭) নিহত হন। জয়পুরহাট: জয়পুরহাট শহরের পুরাতন হাসপাতাল এলাকার মোমিন আহম্মেদ চৌধুরীর বাসভবনে একটি দ্রুতগামী ট্রাক বৃহস্পতিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মোমিন আহম্মেদ চৌধুরী দাবি করেছেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৃহস্পতিবার একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে এর চালকের সহকারী মো. কাইয়ুম (২৫) নিহত হন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে। কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার ট্রাকের চাপায় এক বাসচালক নিহত হয়েছেন। তাঁর নাম শাহাদৎ হোসেন (৫০)। বাড়ি নোয়াখালীর পশ্চিমবাটা গ্রামে।