মির্জাপুরে বাড়ির সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চারজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ওই গ্রামের বাসিন্দা ও প্রথম আলোর সহ-সম্পাদক দেওয়ান আবদুল খালেকের পিতা আ. সালাম তাঁর বাড়ির সীমানায় টিনের বেড়া দেন। পরে পাশের বাড়ির ছানোয়ার হোসেন, তাঁর স্ত্রী শেফালী বেগম, তাঁদের চাচা রহমত আলী, ছেলে কামরুলসহ ১০-১২ জন দা, শাবল ও লাঠিসোঁটা নিয়ে আবদুস সালাম ও তাঁর ছেলেদের ওপর হামলা চালায়। আ. সালামের ছেলে আ. মালেককে (২৮) ছানোয়ার দা দিয়ে আঘাত করলে তাঁর বাঁ হাতের আঙুল কেটে যায়। এ ছাড়া মাজেদুর রহমানকে (২০) কামরুল লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এ সময় শেফালী বেগম, শুকুরজান (৫৫) ও ছালমা আক্তার (৩২) আহত হন। শুকুরজানেরও ডান হাতের একটি আঙুল কেটে গেছে। এ ব্যাপারে দখলদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। মির্জাপুর থানার উপপরিদর্শক শ্যামল কুমার দত্ত থানায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।