মির্জাপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় এক পক্ষের লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সন্ধ্যায় উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত সৈয়দপুর ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গতকাল শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে। অনুষ্ঠানে ওই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের বাসিন্দা জেলা বিএনপির সদস্য ফিরুজ হায়দার খানকে অতিথি না করায় তিনি একই মাঠে শ্রমিক দলের কর্মিসভার নামে পাল্টা কর্মসূচি দেন। গতকাল বেলা সোয়া তিনটার দিকে ফিরুজের পক্ষের লোকজন কর্মিসভায় যেতে জুঁই যুথী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যায়। ওই স্থানে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার পারভেজের লোকজনের সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ফিরুজের লোকজনকে আনোয়ারের লোকজন মারধর করে। পরে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এ সময় ফিরুজের লোকজন ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে বেলা সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পরও এলাকায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সাতটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ এনামুল কবির গোড়াই শিল্পাঞ্চলের হাঁটুভাঙ্গা সেতু, ক্যাডেট কলেজ ও সোহাগপাড়া পর্যন্ত চার কিলোমিটার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।আনোয়ার পারভেজ বলেন, ‘ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় বাধা দেওয়ায় ফিরুজের লোকজন দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।’ ফিরুজ হায়দার খান বলেন, শ্রমিক দলের কর্মসূচিতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর লোকজনের ওপর হামলা করে।