মির্জাপুরে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল শিল্পাঞ্চলে অবস্থিত একটি কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে করে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা।পুলিশ ও কারখানা সূত্র জানায়, গোড়াইল শিল্পাঞ্চলে অবস্থিত এজি (তানিয়া) টেক্সটাইল কারখানাটির দ্বিতীয় (বি) পালার শ্রমিকদের গতকাল বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যার পর শ্রমিকেরা কাজ করতে এসে টাকা না পেয়ে প্রথমে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে রাত আটটার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে করে মহাসড়কটিতে যানবাহন চলাচল সমপূর্ণভাবে বন্ধ হয়ে যায়।খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানাটির মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ কাল শনিবারের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা রাত নয়টার দিকে মহাসড়ক অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নেওয়া হলেও ঘটনার সময় রাস্তার উভয় পাশে ৩০ কিলোমিটারজুড়ে যানজট লেগে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা। রাত সোয়া ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।মির্জাপুরের দেওহাটা ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মালিকপক্ষের বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।