মির্জাপুরে বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় বেদখল হওয়া সরকারি জমি গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত রেহানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন। বিপুলসংখ্যক পুলিশও এ অভিযানে অংশ নেয়। ইউএনও জিন্নাত রেহানা বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছ থেকে সরকারি জমি পুনরুদ্ধারের চিঠি পেয়ে এ অভিযান চালিয়ে জমি পুুনরুদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই এলাকার শিরিন স্পিনিং মিল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার রাতে মিলের পাশের প্রায় ছয় একর সরকারি জমি দখল করে নেয়। এ ঘটনায় উপজেলার গোড়াই ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা ইকবাল হোসেন বাদী হয়ে গত শনিবার রাতে মিলের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মোশারফ হোসেনসহ মিলের প্রায় আট শ কর্মীর বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন। পরদিন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আ. সাত্তার শেখ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত রেহানা ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। যোগাযোগ করা হলে মিলের উপ-মহাব্যবস্থাপক (উত্পাদন) মো. নুরুজ্জামান বলেন, ওই জমির ব্যাপারে কিছু জানি না। উল্লেখ্য, গত সোমবার প্রথম আলোয় সরকারি জমি দখলসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।