মির্জাপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই
টাঙ্গাইলে জুয়েল মোল্লা নামের এক ব্যবসায়ীকে ছুরিকাহত করে নগদ ১৬ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রাইভেটকারচালক মিনহাজকে (২৪) গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুয়েল মোল্লা গত রোববার ঢাকার মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে প্রায় ১৬ লাখ টাকা ও ১৪ লাখ টাকার মালামাল নিয়ে মির্জাপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে ধলেশ্বরী বাসে ওঠেন। তিনি রাত আটটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কাসেম ড্রাইসেলস এলাকায় নামেন। এরপর তিনি শ্বশুরের প্রাইভেটকার নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় ধীরগতিতে গাড়ি চালাচ্ছিলেন মিনহাজ। এ সুযোগে অস্ত্রধারী অজ্ঞাতনামা তিন দুর্বৃত্ত গাড়িতে উঠে জুয়েলকে ছুরিকাঘাত ও এলোপাতাড়ি পেটাতে থাকে। দুর্বৃত্তরা জুয়েলের কাছ থেকে টাকার ব্যাগ ও মালামাল ছিনিয়ে তাঁকে রাস্তার পাশে ফেলে দেয়।