মির্জাপুরে ভেজাল কারখানার সন্ধান হেরোইনসহ গ্রেপ্তার ২
টাঙ্গাইলের মির্জাপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা ভেজাল এনার্জি ড্রিংকস তৈরির কারখানার সন্ধান পেয়েছে। র্যাবের সদস্যরা ওই কারখানা থেকে প্রায় সাত হাজার বোতল ভেজাল এনার্জি ড্রিংকসসহ আনুমানিক সোয়া তিন লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর এক অভিযানে দুই মহিলাকে গ্রেপ্তার ও দেড় লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের আবুল হোসেনের স্ত্রী জামিলা খাতুন (৫০) ও সদরের পোষ্টকামুরী গ্রামের শাহীন মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৩২)। পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের উপসহকারী পরিচালক সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা শিবনাথ দত্তের নেতৃত্বে র্যাব-১২-এর সদস্যরা মির্জাপুর উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ড্রিংকস তৈরির কারখানার সন্ধান পান।