মির্জাপুরে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৮
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই, কদিম ধল্যা, কড়াইল ও সদরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের মো. জাকির হোসেন, মহেড়া ইউনিয়নের নগর ছাউয়ালী গ্রামের মো. রেমন ও আরিফ মিয়া, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মন্টু রাজবংশী, সদরের পোস্টকামুরী গ্রামের আবদুর রউফ, ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মিন্টু সিকদার, দিনাজপুর সদরের সাধন রাজবংশী ও হাবিবুর রহমান। পুলিশের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় মাদক ব্যবসা করছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার ওই চারটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, আটজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।