টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি কেন্দ্র ঘেরাও, অবরোধ, মারামারি ও ম্যাজিস্ট্রেটের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বাক্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ উপজেলা সদরে ফিরছিলেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রহমান ও সৈয়দ আরিফ হোসেনের সমর্থকেরা ভাস্কর দেবনাথকে বহনকারী গাড়ির গতিরোধ করে ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভাস্কর দেবনাথসহ তাঁর সঙ্গীয় লোকজন ভোটকেন্দ্রে আশ্রয় নেন। পরে ওই দুই প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রের চারপাশে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে তারা একটি ব্যালট বাক্সেও আগুন ধরায় বলে জানা গেছে। খবর পেয়ে র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়। পরে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। একই ইউনিয়নের বরদাম গ্রামে পরাজিত ইউপি সদস্য প্রার্থী জালাল খানের সমর্থকদের হামলায় অসিতবরণ সরকার এবং বরদাম ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আ. হামিদ আহত হন। তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজগানা ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান পদপ্রার্থী রফিক সিকদার ও পারভীন ওয়াজেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে সাতজন ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহকে এলাকাবাসী আটকে রাখে। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করেন। বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা না করে উপজেলা সদরে আসার পথে ফলাফল ঘোষণার দাবিতে চেয়ারম্যান প্রার্থী আ. ছামাদের সমর্থকেরা ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, ঘটনাস্থলগুলোতে পর্যাপ্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।