ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। ছবিটি সকাল পৌনে নয়টায় মির্জাপুর বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। ছবিটি সকাল পৌনে নয়টায় মির্জাপুর বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যানজট লক্ষ করা গেছে। যানজটের কারণে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
পুলিশ, যাত্রী ও চালকেরা জানান, মহাসড়কে ঢাকামুখী যানবাহনগুলো প্রায় থমকে আছে। তবে টাঙ্গাইলমুখী যানবাহনগুলো ধীরে ধীরে চলছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভাষ্য, গতকাল মঙ্গলবার বিকেল থেকে মহাসড়কে হঠাৎ করে যানবাহনের চাপ বেড়ে যায়। বিকেল পাঁচটার দিকে মির্জাপুরের কর্ণী সেতুর ওপরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় পৌনে এক ঘণ্টা পর ফের যান চলাচল শুরু হয়। তবে যান চলাচলের গতি ছিল কম। সন্ধ্যার পর কুয়াশা পড়তে থাকে। রাতে ঘন কুয়াশা পড়ে। এতে যানজট বাড়ে। একপর্যায়ে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
গাজীপুরের মীরের বাজার থেকে রংপুরগামী পাইপ-বোঝাই ট্রাকের চালক মো. রাজু বলেন, গতকাল বিকেলে রংপুরের উদ্দেশে রওনা হয়ে আজ সকাল পৌনে নয়টার দিকে মির্জাপুর অতিক্রম করেন তিনি।
এক ট্রাকচালকের সহকারী মতিউর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় মেঘনা ঘাট থেকে সিমেন্ট নিয়ে তারা বগুড়ার উদ্দেশে রওনা হন। আজ সকাল নয়টা নাগাদও তাঁরা মির্জাপুর পার হতে পারেননি। রাতে ঠান্ডায় তাঁরা খুবই কষ্ট পেয়েছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, দুর্ঘটনা ও কুয়াশার যানজট সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।