মির্জাপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সমির উদ্দিন ওরফে বুলু (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুলু প্রতিদিন ভোরে তাদের বাড়িতে গাভির দুধ দোহন করতেন। গতকাল ভোররাতে তিনি ঘর থেকে বের হন। সকালে ঘরের পাশ থেকে পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ নিয়ে যায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের চারটি আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন গতকাল বিকেল পৌনে চারটায় জানান, এ হত্যার ঘটনায় থানায় মামলা হয়নি। তবে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ নিয়ে মির্জাপুরে গত ১২ দিনে দুজনকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা।