মির্জাপুরে যুবদলের দুই পক্ষের পৃথক বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল সোমবার যুবদলের দুই পক্ষ আলাদা মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদ সোহরাব-সমর্থিত দুটি পক্ষ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।দুপুর সাড়ে ১২টার দিকে সাইদ সোহরাবের সমর্থক নবগঠিত মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি দিপু হায়দার খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মৃধার নেতৃত্বে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্টেশনে সমাবেশ করে। এ সময় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ফিরোজ হায়দার খান, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ। এর আগে বেলা ১১টায় আবুল কালাম আজাদ সিদ্দিকী-সমর্থিত অপর পক্ষ পুরোনো কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক ডি এ মতিনের নেতৃত্বে আলাদা একটি বিক্ষোভ মিছিল করে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা বক্তব্য দেন। মিছিল শেষে দুই পক্ষের সমাবেশের সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদ সোহরাব উপস্থিত ছিলেন বলে জানা গেছে।