মির্জাপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুক না পেয়ে সুমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।পারিবারিক সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার হিলারা গ্রামের রাশেদ খানের সঙ্গে সাত বছর আগে পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া গ্রামের সুমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর রাশেদ বিদেশে যেতে মোটা অঙ্কের টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। সুমার পরিবার জমি বিক্রি করে রাশেদকে পৌনে চার লাখ টাকা দেন। কিন্তু টাকা জমা দিয়েও বিদেশে যেতে না পারায় রাশেদ একটি পিকআপ ভ্যান কেনার সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি সুমার পরিবারের কাছে আরও টাকা দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার সুমা তাঁর খালার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ করে স্বামীকে দেন।সুমার পরিবারের অভিযোগ, এত কম টাকা দেওয়ায় রাশেদ ক্ষিপ্ত হয়ে গত রোববার রাতে সুমাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ মির্জাপুর কুমুদিনী হাসপাতালের প্রধান ফটকের সামনে ফেলে রেখে রাশেদ পালিয়ে যান।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসাপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা স্পষ্ট হবে। এ ঘটনায় নিহত সুমার ভাই সুমন খান থানায় অভিযোগ করেছেন।