মির্জাপুরে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনায় রুবেল মিয়া (২৪) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার জামুর্কী ইউনিয়নের ডুকলাহাটি গ্রামের মৃত আবদুর রহিম মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে রুবেল মিয়া রিকশা নিয়ে বানিয়ারা গ্রামের চৌধুরী বাড়ির মিল গেটের সামনে পৌঁছালে ওই গ্রামের রেজা মিয়ার ছেলে রিফাত (২২) ও ইউসুফ মিয়ার ছেলে দ্রুবের (২৪) সঙ্গে রিকশা ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় উত্তেজিত রিফাত ও দ্রুব রিকশাচালক রুবেলকে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। পরে তাঁদের সঙ্গে একই গ্রামের আরও কয়েকজন এসে রুবেলকে এলোপাতাড়ি মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।