মির্জাপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের এসকে পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ গতকাল বুধবার পরীক্ষাটি স্থগিত করে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনটি পদে গতকাল নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রধান শিক্ষক পদে ১৬ জন প্রার্থী আবেদন করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওই পদে আবেদন করায় অন্য প্রার্থীদের অনেকে আপত্তি তোলেন। তাঁরা দাবি করেন, এই নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়ম করা হবে। বিদ্যালয় পরিচালনা পরিষদের আহ্বায়ক সরকার হিতেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, অন্য প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এ ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।