এক কর্মকর্তার অপসারণের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল শিল্পাঞ্চলে নিউটেক্স ডিজাইন (খান) নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) তাঁর নিজের বেতন বাড়ানোর জন্য শ্রমিকদের উসকানি দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকে অভিযোগ করেছেন।কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানাটির পরামর্শক হিলারি ফার্নান্দেজ নানা অজুহাতে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ফল হয়নি।পুলিশ জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা গতকাল বেলা দেড়টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার স্থানীয় শ্রমিকনেতা সেলিম ভুইয়া, সোহেল ভুইয়া ও আওলাদ সিকদারের সঙ্গে কথা বলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরপর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।এদিকে বিক্ষোভের পেছনে ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম হায়দার চৌধুরীর যোগসাজশ রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক জানিয়েছেন। এ ছাড়া তাঁর বেতন বাড়ানোর বিষয় নিয়ে হিলারি ফার্নান্দেজের সঙ্গে রেষারেষি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গোলাম হায়দার চৌধুরী বলেন, কারখানার কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যা কাউকে বলা সম্ভব নয়। এ ছাড়া কারখানার বাইরে কী হয়েছে, তা তাঁর জানা নেই।তবে এ ব্যাপারে হিলারি ফার্নান্দেজের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।কারখানার পরিচালক নুরুল ইসলাম বলেন, বুধবার (আজ) সকালে শ্রমিকদের দেওয়া কথামতো হিলারি ফার্নান্দেজের অপসারণের বিষয়ে পরিচালনা পরিষদের জরুরি বৈঠক হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, কর্তৃপক্ষ বিষয়টি সুরাহার চেষ্টা করছে।