মির্জাপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে এক গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় হাসিনুর রহমান ও শামীম মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহত ব্যক্তিরা হলেন গণেশ সরকার, দুলাল সরকার ও তাঁর স্ত্রী লিপি সরকার। আহত ব্যক্তিদের মধ্যে গণেশ ও দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মীর দেওহাটা গ্রামের শাহীন মিয়া, শামীম মিয়া ও রফিক মিয়া তাঁদের দলবল নিয়ে গত মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী পাথালিয়া পাড়ার দুলাল ও গণেশের বাড়ির সামনের জমি দখল করতে যান। দুলাল ও গণেশের পরিবার বাধা দিলে তাঁরা লাঠিসোঁটা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের (গণেশ ও দুলাল) পরিবারের ওপর হামলা চালান। এতে ওই তিনজন আহত হন। এ ব্যাপারে গতকাল লিপি সরকার বাদী হয়ে মামলা করেছেন।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত বলেন, হাসিনুর ও শামীমকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।