মির্জাপুরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জাহিরুল ইসলামের ছোট ভাই ও ব্যবসায়ী নেতা আবদুর রহিমকে (৪৮) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ মাঠে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই এলাকার কয়েকটি গ্রামের লোকজন কামারপাড়া বাজারে নতুনভাবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসানোর উদ্যোগ নেন। গতকাল সোমবার বিকেলে কামারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম ও তাঁর বন্ধু ফরহাদ হোসেনসহ কয়েকজন ভাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিদুর রহমান সাইদকে হাটের দাওয়াত পত্র দিতে আসেন। দাওয়াত দিয়ে ফেরার সময় ভাওড়া গ্রামের লালচান মিয়া (২২), সোহেল মিয়া (২৩) ও আলমগীর হোসেনের (২০) নেতৃত্বে ১০-১২ জনের সন্ত্রাসী দল আবদুর রহিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে মৃত ভেবে চলে যায়। এ সময় আবদুর রহিমের বন্ধু ফরহাদ হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে আটটায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।