মির্জাপুরে সরকারি সম্পত্তি দখলের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সম্পত্তি দখলের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের শিরিন স্পিনিং মিলের সহ-মহাব্যবস্থাপক (এজিএম) মোশারফ হোসেনসহ মিলের প্রায় ৮০০ কর্মীর নামে মামলা হয়েছে। গোড়াই ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইকবাল হোসেন গত শনিবার রাতে মির্জাপুর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে জানা যায়, ওই এলাকার প্রায় সাত একর সরকারি জমি শিরিন স্পিনিং মিলের কর্মকর্তাদের যোগসাজশে শ্রমিকেরা গত শুক্রবার রাতে দখল করে নেন। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা।এদিকে মামলার পর গতকাল রোববার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আ. সাত্তার শেখ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত রেহানা ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। জমি দখলের বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। ইউএনও জিন্নাত রেহানা বলেন, ওই জমি অবশ্যই পুনরুদ্ধার করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।