মির্জাপুরে সাউথইস্ট টেক্সটাইলে আগুনে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে সাউথইস্ট টেক্সটাইল কারখানার ডাইং সেকশনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার অন্য শ্রমিকেরা হাসপাতালে এই প্রতিবেদককে চিকিত্সাধীন শ্রমিকদের নাম জানান। তাঁরা হলেন মমতা, নাসিমা, ববিতা, জাহানারা, নূরজাহান ও ফরিদা।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, ওই সেকশনের শ্রমিকেরা কাজ করার সময় সকাল সাড়ে আটটার দিকে একটি মেশিন থেকে হঠাত্ আগুন লাগে। এ সময় কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে তাঁদের সঙ্গে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।