মির্জাপুরে সেই শিক্ষক আবারও ২০০ টাকা করে নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় ব্যবহারিকে বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের কাছ থেকে মির্জাপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয়ের সেই শিক্ষক ২০০ টাকা করে উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক খাতা রাখেননি। বরং শিক্ষার্থীদের শিঙাড়া, সমুচা ও মিষ্টি খাইয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মির্জাপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ বছর পরীক্ষা দেয় ১২১ জন শিক্ষার্থী। গত রোববার ছিল কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। ওই পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে মোট ২৪ হাজার ২০০ টাকা নেন। কয়েকজন পরীক্ষার্থী বলে, তাদের কাছ থেকে সাদা কাগজে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় লিখে রাখা হয়েছে। তাদের কাছ থেকে কোনো ব্যবহারিক খাতা নেওয়া হয়নি। তাদের একটি করে শিঙাড়া, সমুচা ও মিষ্টি খাইয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে রফিকুল ইসলাম খান গতকাল সকালে সাংবাদিকদের বলেন, পরিদর্শকদের সম্মানী বাবদ ও কয়েকজন শিক্ষক পরীক্ষা শেষে একটু ভালো খাবার খাবেন বলে ওই টাকা নেওয়া হয়েছে। আবার বেলা তিনটার দিকে তিনি বলেন, স্কুলের জন্য কয়েকটি ফ্যান কেনা হবে বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া তিনি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক খাতা রাখা হয়েছে দাবি করে বলেন, যারা খাতা দেয়নি, তারা ভালো ফলাফল করতে পারবে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক মাহফুজুর রহমান বলেন, পরীক্ষাকেন্দ্রের যাবতীয় খরচ বাবদ পরীক্ষা শুরুর আগেই টাকা দেওয়া হয়েছে। পরিদর্শকদের কাউকে কোনো প্রকার টাকা দিতে হয় না। কেউ যদি তাঁদের কথা বলে টাকা নিয়ে থাকেন তাহলে তিনি অবৈধভাবে টাকা নিয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, রফিকুল ইসলাম খান গত ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফলের শিট বাবদ প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছিলেন।