‘ভাই, কী করব, তিনজন শ্রমিক-কর্মচারী কর্মরত অবস্থায় মারা গেলেন। সরকার লাশ পরিবহনের খরচটুকুও দিল না। চাকরি শেষে পরিবার-পরিজন নিয়ে কীভাবে বাঁচব, তা-ও জানি না। একেবারে অসহায় হয়েই আমাদের বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করতে হচ্ছে।’ কথাগুলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সড়ক ও জনপথ উপবিভাগের কার্যসহকারী শফিউল্লাহ মোল্লার। চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করার সময় তিনি এ কথা বলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সড়ক ও জনপথ উপবিভাগের অধীনে ৩৮ জন শ্রমিক-কর্মচারী রয়েছেন। তাঁদের সবাই ২৮ থেকে ৩২ বছর ধরে চাকরি করছেন। শুরুতে তাঁদের দৈনিক মজুরিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও ২০০০ সালে ওয়ার্কচার্জ (কার্যভিত্তিক) ভিত্তিতে স্থানান্তর করা হয়। চাকরি শেষে তাঁদের জন্য কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা রাখা হয়নি। এ কারণে চাকরি জাতীয়করণের দাবিতে গত ২২ ফেব্রুয়ারি থেকে তাঁরা দৈনিক তিন ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে আসছেন। তাঁদের সঙ্গে সারা দেশের সাত হাজার ২০৬ জন শ্রমিক-কর্মচারীও কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।কার্যসহকারী শফিউল্লাহ মোল্লা, শ্রমিক সিরাজ উদ্দিন খান ও দেওয়ান শাহজাহান বলেন, ২০০৩ সালে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের হাঁটুভাঙ্গাতে কর্মরত অবস্থায় কার্যসহকারী আমির হোসেন, ২০০৯ সালে একই সড়কের বাঁশতৈলে বিটুমিনাস কার্পেটিং করার সময় শ্রমিক পঞ্চ নন্দ মণ্ডল হাত-পা পুড়ে এবং উপজেলার সোহাগপাড়া এলাকায় শ্রমিক বদর উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁদের লাশ পরিবহনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি।