মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনার পর ওই সড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পোহান।
নিহত চালকের নাম হাসান আলী (৩৫)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দ রায় গ্রামের মৃত আফজাল আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সড়কের শুভুল্যা এলাকায় টাঙ্গাইলগামী ট্রাক ও ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকচালক হাসান আহত হন। তাঁকে এলাকাবাসী উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। অতিরিক্ত যানবাহনের কারণে একপর্যায়ে তা যানজটে পরিণত হয়ে মহাসড়কে মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজ এলাকা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ হয়। প্রায় এক ঘণ্টা পর মির্জাপুর থানা-পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় গতকাল বেলা ১১টা পর্যন্ত মহাসড়কের কুর্ণী থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত থেমে থেমে যানজট লাগে। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
বগুড়াগামী এস আর পরিবহনের চালকের সহকারী লিটন মিয়া জানান, ক্যাডেট কলেজ থেকে মির্জাপুর পর্যন্ত আসতে মাত্র ১০ মিনিটের রাস্তা দুই ঘণ্টায় পাড়ি দিতে হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত হাসান আলীর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।