মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার মির্জাপুর উপজেলার কদিমধল্যা ও পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের শ্রীহরিপাড়া গ্রামের সোহেল মিয়া (২৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের কদিমধল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক নারী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া রাত পৌনে আটটার দিকে পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল মারা যান।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় দে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে সোহেলের লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।