মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক মুক্তিযোদ্ধাসহ চারজন নিহত হয়েছেন। এতে অপর চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার সকাল পৌনে সাতটার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবদুর রশিদ, ধনবাড়ী উপজেলার পশ্চিমগাজী গ্রামের সোহেল খান ও মির্জাপুর উপজেলার জামুর্কী গুচ্ছ গ্রামের ভ্যানচালক লেবু মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের কারণে বাস না পেয়ে ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানযোগে কয়েকজন যাত্রী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। কাভার্ড ভ্যানটি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি চায়ের দোকানে উঠে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যানের সাত যাত্রী ও চায়ের দোকানের মালিক রওশনারা বেগমের স্বামী লেবু মিয়া আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজন মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এএসআই মহসিন আলী বলেন, নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।