মির্জাপুরে হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে তোফাজ্জল হত্যা মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের বিশেষ জেলা জজ ওয়াহিদুজ্জামান শিকদার গতকাল রোববার এই রায় দেন। রায়ে দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ডিত ব্যক্তিরা সবাই মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন দেলোয়ার, ননী মিয়া, শাহাদত, মামুন, লিটন, বাবু মিয়া, পারভেজ, ফেরদৌস, আশরাফ আলী, বিশু মিয়া, ইন্নোছ মিয়া, বাবুল, দুলাল মিয়া, শাহবাজ খান ও ইলিয়াস।
রায় ঘোষণার পর দণ্ডিত ১৫ জনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ মে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে মির্জাপুরের হিলোরা গ্রামে খবির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন দণ্ডিত ব্যক্তিরা।