
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে নবনির্মিত মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতু হুমকির মুখে পড়েছে। অন্যদিকে, চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনার ভাঙনে প্রায় ৩০০ বসতবাড়ি, দুটি মাছের আড়ত ও একটি বিদ্যালয় বিলীন হয়ে গেছে। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ভাঙন চলছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মির্জাপুর উপজেলা সদরের ত্রিমোহন খেয়াঘাট এলাকায় সেতুটির দক্ষিণ পাশের পিলার ও সংযোগ সড়কের কাছাকাছি এলাকায় নদীভাঙন চলছে। স্থানীয় ব্যক্তিরা গাছের ডাল ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, গত ২৮ এপ্রিল প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০০ মিটার দীর্ঘ ওই সেতুটির উদ্বোধন হয়। নদীভাঙনের কারণে সেতুটি হুমকিতে আছে। দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।
ওই এলাকার বাসিন্দা মাসুদ পারভেজ বলেন, পানি বাড়ার সময়ের চেয়ে পানি কমার সময়ে ভাঙন বেশি হয়। এ কারণে এখনই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল, ফতেপুরের চাকলেশ্বর থলপাড়া, বৈলানপুর ও ফতেপুর এলাকাতেও তীব্র ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসী বলেন, ভাঙনের ফলে গোড়াইল, চাকলেশ্বর, থলপাড়া, বৈলানপুর ও ফতেপুরের প্রায় ২৫ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ফতেপুর উচ্চবিদ্যালয়, চাকলেশ্বর উচ্চবিদ্যালয়, মির্জাপুর-বৈলানপুর-ফতেপুর সড়কের গ্রাম রক্ষা বাঁধ, হিলড়া ও ফতেপুর বাজার এলাকাতেও ভাঙন হচ্ছে। গোড়াইল ও চাকলেশ্বর এলাকায় নদীর উভয় পাশে থাকা জাতীয় গ্রিডের দুটি বৈদ্যুতিক খুঁটি হুমকির মুখে রয়েছে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন তালুকদার বলেন, ভাঙনকবলিতদের জন্য এখন পর্যন্ত কোনো সাহায্য পাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য প্রদান ও ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পাউবোর টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সেতুটির দুই পাশ ও আশপাশের এক কিলোমিটার এলাকার ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া মির্জাপুরের বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মেঘনার ভাঙনে চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ৩০০ বসতভিটা ও মাছের দুটি আড়ত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মোল্লাকান্দি বিদ্যালয় ইউনিয়নের চরাঞ্চলের ছেলেমেয়েদের একমাত্র বিদ্যালয় ছিল।
হাইমচর ইউপির চেয়ারম্যান শাহাদাত সরকার বলেন, নদীভাঙনে অনেক পরিবার ভিটেমাটি হারিয়েছেন। মোল্লাকান্দি বিদ্যালয়ের পাকা ভবনটি নদীভাঙনের কবলে পড়লে বিদ্যালয়ের কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়। গত বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে ভবনটি নদীগর্ভে চলে যায়। এ ছাড়া হাবিব গাজী ও সৈয়দ চকিদারের মাছের আড়তসহ বেশ কয়েকটি দোকান মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে।
এদিকে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে মেঘনা নদীর ভাঙনে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ২৫ জুলাই থেকে এ ইউনিয়নে ভাঙন শুরু হয়। এই এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, বেশ কয়েকটি পরিবার তাদের ঘর খুলে পাশের শরীয়তপুর জেলায় আশ্রয় নিয়েছে।
রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হজরত আলী ব্যাপারী বলেন, যারা নদীর তীরে বসবাস করছে, তারা বসতঘর ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে। এ ছাড়া গোয়ালনগরের চোকদারকান্দি, লগ্গীমারা ব্যাপারীকান্দি এবং দেওয়ানকান্দির বালিয়ারচর গ্রামগুলোও ভাঙনের কবলে পড়েছে।