টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খননযন্ত্র দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গত বৃহস্পতিবার ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে সজল মিয়া নামে অপর এক ব্যক্তির একটি খননযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ইব্রাহিম দীর্ঘদিন ধরে হাট ফতেপুর উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা ও থলপাড়া গ্রামের সজল থলপাড়া খেয়াঘাট এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে বিদ্যালয় ও খেয়াঘাট এলাকা ভাঙনের মুখে পড়ে। এ খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা ফতেপুর ইউনিয়নের ঝিনাই নদীর ফতেপুর ও থলপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ইব্রাহিম ও সজল বালু তুলছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত ইব্রাহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও সজলের একটি খননযন্ত্র পুড়িয়ে দেন।
এ ব্যাপারে মো. সেলিম রেজা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।